Logo

বায়তুল মোকাররমে ২য় ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ০৮:৫৯
বায়তুল মোকাররমে ২য় ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের দ্বিতীয় জামাত। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় এ জামাত সম্পন্ন হয়, যেখানে ইমামতির দায়িত্ব পালন করেন মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

বিজ্ঞাপন

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দীর্ঘ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মুসল্লিরা নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দেশকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করার জন্য দোয়া করেন।

এর আগে সকাল ৭টায় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় উভয় জামাতেই কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। জামাত শেষে সবাই দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় জামাতের পর অনুষ্ঠিত মোনাজাতে রমজান মাসের রোজা ও ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে আরজি জানানো হয়। পাশাপাশি মৃত আত্মীয়-স্বজনদের মাগফিরাত কামনা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করা হয়। অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে দোয়ায় অংশ নিতে দেখা গেছে।

ঈদের দিন বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে আরও জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পরবর্তী তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD