Logo

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ, ২০২৬, ০৯:৩৯
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

এর মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশগ্রহণ করলেন তারেক রহমান। এর আগে ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদ দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জামাতে অংশগ্রহণ করেছিলেন। এরপর তিন দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর পদে নারী নেতৃত্ব থাকায় এ ধরনের উপস্থিতি দৃষ্টিকর্ষণ করেছে।

রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিক থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে নামাজে অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং নোবেলজয়ী মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে অতীতে জাতীয় ঈদগাহের জামাতে অংশ নিয়েছিলেন, তবে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম কেউ নামাজে অংশ নিলেন ১৯৯০ সালের পর।

বিজ্ঞাপন

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজের পর অনুষ্ঠিত হয় খুতবা, এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহমুখী হন। কঠোর নিরাপত্তার মধ্যে জামাত শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকে প্রবেশ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাইন ধরে মুসল্লিরা ঈদগাহে ঢুকছেন।

অন্যদিকে, মৎস্য ভবন এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত থেকেও মানুষ সারিবদ্ধভাবে প্রবেশ করছেন। ক্রমেই ঈদগাহ ময়দান ভরে ওঠে মুসল্লিদের পদচারণায়।

বিজ্ঞাপন

ঈদগাহ প্রস্তুত করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায়। জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের ব্যবস্থা রাখা হয়। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত অযুখানা ও মেডিকেল টিমের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নেন, যার মধ্যে সাড়ে তিন হাজার নারীর জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD