এক লাফে জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ, মধ্যরাত থেকে কার্যকর

দেশে জেট ফুয়েলের দাম বড় ধরনের বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এক ধাপে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বৃদ্ধি পেয়েছে, যা প্রায় ৮০ শতাংশ।
বিজ্ঞাপন
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে। এই ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন এই দাম ২৪ মার্চ মধ্যরাত (২৫ মার্চ) থেকে কার্যকর হতে পারে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বিইআরসি।








