Logo

রাজধানীতে জ্বালানি সংকট : অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১২:০৩
রাজধানীতে জ্বালানি সংকট : অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে ঘিরে রাজধানীর তেল পাম্পগুলোতে জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় অর্থ পরিশোধে জটিলতা তৈরি হওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) উত্তরা, মিরপুর, মহাখালী, গাবতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ ফিলিং স্টেশনে ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড ঝুলছে। কোথাও কোথাও সীমিত পরিমাণে জ্বালানি পাওয়া গেলেও সেখানে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। তবুও অনেকেই কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না।

পাম্প কর্তৃপক্ষ জানাতে পারছে না কবে নাগাদ ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক হবে। ফলে চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও জ্বালানি সংগ্রহে ব্যর্থ হচ্ছেন।

বিজ্ঞাপন

রাইড শেয়ারিং সেবার এক চালক রায়হান কবির বলেন, একটি পাম্পে তেল না পেয়ে অন্য পাম্পে যেতে গিয়ে গাড়ির অবশিষ্ট জ্বালানিও শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই কাজ বন্ধ হয়ে যেতে পারে, যা জীবিকায় বড় প্রভাব ফেলবে।

অন্যদিকে পাম্প মালিকদের দাবি, চাহিদা বেড়ে যাওয়ায় মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি নেওয়ার চেষ্টা করছেন বলেও তারা উল্লেখ করেন।

এছাড়া ঈদের ছুটির কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় অর্থ লেনদেনের জটিলতাও এই সংকটকে আরও বাড়িয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

উত্তরা আজমপুরের একটি ফিলিং স্টেশনের কর্মী জানান, নির্ধারিত সরবরাহ না পাওয়ায় পাম্প চালু রাখা যাচ্ছে না। প্রতিদিন যেখানে প্রায় ১৮ হাজার লিটার তেল সরবরাহের কথা, সেখানে সাম্প্রতিক সময়ে অনেক কম পরিমাণ তেল পাওয়া যাচ্ছে, যা অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ডিপো থেকে সরবরাহের বার্তার অপেক্ষায় থাকতে হচ্ছে। বার্তা না পাওয়া পর্যন্ত পাম্প চালু করা সম্ভব হচ্ছে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD