ঈদে ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ

ঈদুল ফিতর শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে থাকায় সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলা এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-পরবর্তী সময়ে সড়কপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের অতিরিক্ত গতি পরিহার, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করার আহ্বান জানানো হয়েছে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, যাত্রাপথে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চালক ও সহকারীদের দায়িত্বশীল আচরণের ওপর জোর দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়া সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে তদারকি আরও জোরদারের কথাও উল্লেখ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ-পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে পরিবহন খাতের সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।








