Logo

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৩:২৮
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকে ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিতে ফিরছেন। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অধিকাংশ যাত্রী ট্রেনকেই বেছে নিচ্ছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে যাত্রীরা ঢাকায় ফিরছেন। যাত্রী উপস্থিতি থাকলেও স্টেশনের পরিস্থিতি ছিল স্বাভাবিক, বড় ধরনের ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ কেউ ঈদের সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়ে ঢাকায় ফিরেছেন। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে অনেকেই আগেভাগেই রাজধানীতে ফিরে এসেছেন।

বিজ্ঞাপন

জয়পুরহাট থেকে আসা ব্যাংক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, তিনি অতিরিক্ত দুই দিনের ছুটি নিয়ে এখন ঢাকায় ফিরেছেন। তার অফিস শুরু হবে ২৯ মার্চ থেকে। পরে ভিড়ের আশঙ্কায় আগেই ঢাকায় চলে এসেছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন।

চিলাহাটি থেকে ফেরা শফিকুল ইসলাম বলেন, ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন ছুটি নিয়ে ঢাকায় এসেছেন তিনি। বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অফিসে যোগ দেবেন বলে জানান তিনি।

একটি কোচিং সেন্টারের শিক্ষক ইয়ারুল ইসলাম জানান, ঈদের কারণে শিক্ষার্থীদের এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছিল। আগামীকাল থেকে আবার ক্লাস শুরু হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে নওগাঁ থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে দোকান খুলেছেন মুদি ব্যবসায়ী হাবিবুর রহমান। তিনি বলেন, ঈদের সময় বিক্রি কম থাকায় দোকান বন্ধ ছিল। কর্মজীবীরা ফিরতে শুরু করায় বেচাকেনা আবার বাড়বে বলে আশা করছেন তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও সামগ্রিক পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্টেশনে শুধু টিকিটধারী যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং ঈদযাত্রার মতো ফিরতি যাত্রাতেও একই নিয়ম বজায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

রেলওয়ে সংশ্লিষ্টরা আরও জানান, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে ঢাকামুখী যাত্রীর সংখ্যা বাড়ছে। আগামী কয়েকদিনে চাপ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হলেও যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD