Logo

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সম্পন্ন প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৫:০১
বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সম্পন্ন প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে লাল-সবুজের সাজে প্রস্তুত করা হয়েছে। শেষ মুহূর্তে তিন বাহিনীর মহড়া চলছে, পাশাপাশি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পুরো এলাকা পরিপাটি করা হয়েছে। আগামীকাল বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের সমাগম ঘটবে এই স্মৃতিসৌধে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধের প্রবেশদ্বার থেকে শুরু করে মিনারের পাদদেশ ও চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। লাল-সবুজের ফুল দিয়ে পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছে। লাল ও সাদা রঙের নতুন প্রলেপে স্মৃতিসৌধ পেয়েছে ভিন্ন রূপ। বিভিন্ন স্থানে মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া লেক, পানির ফোয়ারা সংস্কার, ঘাস ও আগাছা পরিষ্কার করাসহ সব ধরনের পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে।

ফুলের গাছ দিয়ে স্মৃতিসৌধ সাজানোর কাজে নিয়োজিত পরিচ্ছন্নকর্মী সাইদুর রহমান জানান, ২৬ মার্চ উপলক্ষে সেলভি, ডালিয়া, বিটুনিসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে প্রাঙ্গণ সাজানো হয়েছে। পাশাপাশি রং করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে।

বিজ্ঞাপন

আরেক পরিচ্ছন্নকর্মী আবুল কামাল বলেন, প্রায় দেড় মাস ধরে তারা স্মৃতিসৌধে নিয়মিত পরিচ্ছন্নতার কাজ করছেন। এর মধ্যে আগাছা পরিষ্কার, ঝাড়ু দেওয়া এবং লেক পরিষ্কারসহ বিভিন্ন কাজ সম্পন্ন হয়েছে।

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, জাতীয় দিবসকে ঘিরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনসহ বিপুল মানুষের সমাগমকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্মৃতিসৌধ এখন বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD