জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হবে: তথ্যমন্ত্রী

জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বসম্মতভাবে আইনি সুরক্ষা বা দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এ সংক্রান্ত আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনেই পাস করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সরকারের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতি মাসে বিস্তারিত প্রতিবেদন জাতির সামনে উপস্থাপন করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। দায়িত্ব নেওয়ার ২১ দিনের মাথায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে। দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারকে এই কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ চলছে।
আগামী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ২১ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসবেন বলে জানান মন্ত্রী।
সরকারের সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, এখন থেকে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট সুবিধা পাবেন না। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আশপাশের ভিআইপি প্রটোকল বহরও বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্যখাতে উন্নয়নের অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশই নারী। নাগরিকদের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকলেও দেশে আপাতত জ্বালানি সংকট নেই। জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই, তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত না করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ এবং সব বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালুর কথা জানান মন্ত্রী। ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আটকে পড়া ৪০০-এর বেশি প্রবাসীকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।








