পদ্মায় বাসডুবি : ২ মিনিট আগে নেমে প্রাণে বাঁচলেন কালাম

পদ্মা নদীতে বাসডুবির মর্মান্তিক ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান আবুল কালাম। দুর্ঘটনার মাত্র দুই মিনিট আগে বাস থেকে নেমে যাওয়ায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি। পরে উদ্ধার হওয়া বাস থেকেই ফিরে পান নিজের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও টাকা ভর্তি ব্যাগ।
বিজ্ঞাপন
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন কালাম। দৌলতদিয়া টার্মিনাল থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাসে উঠে রাজধানীর বাড্ডায় যাওয়ার কথা ছিল তার। বাসে উঠে ১০-১৫ মিনিট বসেছিলেন। তবে ফেরিঘাটের আগে যানজটের কারণে হঠাৎ নেমে পড়েন। নামার সময় তার কাঁধের ব্যাগটি বাসেই রয়ে যায়।
কালাম জানান, চোখের সামনেই বাসটি ধীরে ধীরে নদীতে ডুবে যেতে দেখেন তিনি। মুহূর্তটি তাকে স্তব্ধ করে দেয়—কি করবেন বুঝে উঠতে পারেননি।
বিজ্ঞাপন
তার ব্যাগে ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র—মূল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র, কোরিয়ায় যাওয়ার প্রস্তুতির নথি এবং প্রায় সাড়ে চার হাজার টাকা। বাস ডুবে যাওয়ার পর ঢাকায় না ফিরে ব্যাগের খোঁজেই ঘাটে অপেক্ষা করছিলেন তিনি।
পরে উদ্ধার অভিযানে বাস থেকে একাধিক যাত্রীর ব্যাগের সঙ্গে কালামের ব্যাগও উদ্ধার করা হয়। সেগুলো দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে সংরক্ষণ করা হয়। যথাযথ প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিজের ব্যাগ ফিরে পান তিনি।
ব্যাগ ফিরে পেলেও কালাম বলেন, “আমি যদি বাসে থাকতাম, হয়তো আজ বেঁচে থাকতাম না। এতগুলো মানুষের মৃত্যু খুব কষ্ট দিচ্ছে।”
বিজ্ঞাপন
তিনি ফেরিঘাট ব্যবস্থাপনার ত্রুটির কথাও উল্লেখ করে বলেন, ফেরি ভিড়ার আগেই গাড়ি ছাড়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তার ধারণা।
এদিকে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন, আর এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ডুবুরি দল, সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।
উল্লেখ্য, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।








