জ্বালানি মজুত ও চোরাচালান রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি এবং চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তেলের দাম স্থিতিশীল রাখতে সরকার প্রতি মাসে ২০০ কোটি টাকার ভর্তুকি দিচ্ছে এবং সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
জ্বালানি সংকট ও কৃত্রিম সংকট রোধে চিফ হুইপ বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকার ভর্তুকি দিয়ে আমরা তেলের দাম নিয়ন্ত্রণে রাখছি। কিন্তু কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে চেষ্টা করছে। সীমান্ত দিয়ে তেল পাচারের খবরও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান এবং কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টনের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ মেট্রিক টন আসার পথে রয়েছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে তারা জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোথাও না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।
দুর্ঘটনা ও শোক প্রস্তাব বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কেন এসব দুর্ঘটনা ঘটছে এবং ভবিষ্যতে তা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেছেন।
বিজ্ঞাপন
সংসদীয় কার্যক্রম ও নতুন উদ্যোগ চিফ হুইপ বলেন, বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, আজ এ বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও আগামীকালের বৈঠকে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসন ও অন্যান্য বিলের রিপোর্ট ৩০ মার্চের মধ্যে পেশ করার লক্ষ্যে কাজ চলছে।








