স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “দিলারা হাফিজ একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারিয়েছে।”
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিজ্ঞাপন
দিলারা হাফিজ আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ কর্মজীবনে দিলারা হাফিজ দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বিভিন্ন সময়ে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখেন।
বিজ্ঞাপন








