নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কার্যালয়ে পৌঁছান, যা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে তাকে স্বাগত জানান।
আতিকুর রহমান বলেন, ‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করছেন। বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে কথা বলছেন।’
বিজ্ঞাপন
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে নয়াপল্টনে যান প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
দলের চেয়ারম্যানের আগমনের জন্য নেতাকর্মীরা দুপুর আড়াইটা থেকে কার্যালয়ের সামনে সমবেত হতে শুরু করেন। বিকাল সাড়ে ৪টার দিকে কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে এবং তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে রাখেন।
এদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই নয়াপল্টনে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যালয়ের চারপাশে সতর্ক অবস্থানে থাকে।








