শাহজালাল বিমানবন্দরের ‘জিয়া’ নাম পুনর্বহাল নিয়ে যা জানালেন মন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ নাম পুনর্বহালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বিমানবন্দরটির নাম পুনরায় ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে কি না—তা জানতে চান। এর জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। বিমানবন্দরের নাম পরিবর্তনের মতো বিষয়ে ভবিষ্যতে প্রয়োজন হলে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত এই স্থাপনার নাম পরিবর্তন প্রসঙ্গটি বিভিন্ন সময়েই জনমনে আলোচনা সৃষ্টি করে আসছে। তবে আপাতত এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে স্পষ্ট করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী।








