সন্ধ্যা ৬টার পরও খোলা দোকানপাট, সরকারি নির্দেশনা বাস্তবায়নে গড়িমসি

রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৬টার পরও দোকানপাট খোলা থাকতে দেখা গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, অধিকাংশ বিপণিবিতান বন্ধ না হওয়ায় জ্বালানি সাশ্রয়ের সরকারি উদ্যোগ বাস্তবায়নে গড়িমসি লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও তার প্রভাবের কারণে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন কৃচ্ছসাধনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বাস্তব চিত্র ভিন্ন। রমজাননেছা সুপার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় জুতা ও পোশাকের বেশ কয়েকটি দোকান রাত ৬টার পরও খোলা দেখা গেছে। দোকান ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, তারা ৬টার মধ্যে বন্ধ করার আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। অন্যদিকে মোবাইল গ্যাজেট দোকানের কর্মচারী মেহেদী হাসান বলেন, সবাই বন্ধ করলে আমরা করব।
বিজ্ঞাপন
মোল্লা সুপার মার্কেট, হাজী কুজরত আলী মার্কেট, সাফুরা ট্রেড সিটি, সুলতান ম্যানশন, সুজাত ম্যানশন এবং নূর মোল্লা এভিনিউ মার্কেটেও সন্ধ্যার পর দোকান খোলা থাকতে দেখা গেছে। নূর মোল্লা এভিনিউ মার্কেটের মাতৃভূমি ফ্যাশনের ম্যানেজার নাইম বলেন, নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টায় বন্ধ করা উচিত, তবে সবাই যখন বন্ধ করবে তখন আমরা করব।
বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে সহায়তার অংশ হিসেবে তারা রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।








