সরকার ঋণনির্ভর থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগোচ্ছে

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ধীরে ধীরে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান করপোরেশনের মিলনায়তনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক বাজারে যে প্রভাব পড়েছে, তা মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান করপোরেশন শুধু শিল্প খাতেই নয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিষ্ঠানটির উদ্যোগ প্রশংসনীয়।
পরে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ তুলে দেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও কিহাক সুং। স্বাগত বক্তব্য রাখেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক অবসারপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শাহজাহান। এছাড়া বক্তব্য দেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হক।
সিআইইউর সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।








