মেয়েকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী

ঈদকে ঘিরে আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে মেয়েকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি সিনেমা হলে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি গুলশানের বাসা থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এতে সাধারণ দর্শকদের মধ্যে কোনো ধরনের বিঘ্ন না ঘটলেও তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। অনেকেই হঠাৎ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ অন্যতম। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম নূর। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।








