Logo

প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৪:১৯
প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইস্টার সানডে, যা যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে পরিচিত, বিশ্বব্যাপী খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য গভীর তাৎপর্যপূর্ণ একটি দিন। বাংলাদেশের খ্রিষ্টানরাও এ দিনটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন।

দিনের শুরুতেই রাজধানী ঢাকার বিভিন্ন গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়। এসব প্রার্থনায় অংশ নিয়ে ভক্তরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। উৎসবের আনন্দঘন পরিবেশে শিশুদের মধ্যে রঙিন ডিম, যা ‘ইস্টার এগ’ নামে পরিচিত, বিনিময়ের দৃশ্যও দেখা যায়। একইসঙ্গে গির্জাগুলোতে নানা সাংস্কৃতিক আয়োজন উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিজ্ঞাপন

এদিকে, রাজধানীর ভাটারায় ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করে। তবে বাংলাদেশের দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে ধর্মীয় বিভাজনের কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD