Logo

আনন্দ বা মঙ্গল নয়, হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৩:০৬
আনন্দ বা মঙ্গল নয়, হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আয়োজন পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। এতদিন ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত এই আয়োজন এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (০৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর—যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ দেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব, যা বহু বছর ধরে শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় এই শোভাযাত্রার নাম বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে—কখনো ‘আনন্দ শোভাযাত্রা’, আবার কখনো ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিত ছিল।

বিজ্ঞাপন

নতুন নামকরণের পেছনের যুক্তি তুলে ধরে তিনি বলেন, নাম নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক বা বিভাজন এড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, উৎসবটি সবার, তাই এমন একটি নাম প্রয়োজন যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। সেই বিবেচনা থেকেই ‘বৈশাখী শোভাযাত্রা’ নামটি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, পহেলা বৈশাখের ইতিহাস হাজার বছরের পুরোনো এবং এই উৎসবের সঙ্গে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে শোভাযাত্রার নাম পরিবর্তিত হয়েছে। এক সময় এটি ‘আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল, পরবর্তীতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি জনপ্রিয়তা পায়।

গত বছরের উদাহরণ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ‘মঙ্গল শোভাযাত্রা’ পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করা হয়েছিল। তবে ‘আনন্দ’ ও ‘মঙ্গল’—এই দুই নামের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সংস্কৃতিমন্ত্রীর মতে, এসব নাম পরিবর্তন নিয়ে অযথা বিতর্ক না বাড়িয়ে বরং উৎসবের মূল চেতনাকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্বশীলতার জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতে এই নতুন নামেই শোভাযাত্রা আয়োজন করা হবে।

উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবছর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নতুন নামকরণের ফলে এ বছরের উদযাপনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD