৩ মে থেকে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হবে

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে আয়োজিত হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আগামী সপ্তাহ থেকে উচ্চ ঝুঁকিতে থাকা চারটি এলাকায় এ কার্যক্রম শুরু হবে। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলা। পরে ধাপে ধাপে তা দেশের সব এলাকায় সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা দেওয়া শুরু হবে, যাতে কোনো শিশু ঝুঁকির বাইরে না থাকে।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে হামের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এবং এটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। সংক্রমণের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে, যা বড় ধরনের জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।








