‘জুলাই সনদ’ বিষয়ে উত্তপ্ত হতে পারে আজকের সংসদ অধিবেশন

মুলতবি শেষে আবারও বসছে জাতীয় সংসদের অধিবেশন। রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে শুরু হতে যাওয়া এই অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ইস্যুটি আজকের অধিবেশনের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
অধিবেশনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী প্রবাসী কল্যাণ, খাদ্য, শ্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এসব নিয়মিত কার্যক্রমের বাইরে ‘জুলাই জাতীয় সনদ’ প্রসঙ্গই মূলত আলোচনার প্রধান বিষয় হয়ে উঠতে পারে।
গত ১ এপ্রিল নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক সংসদের কার্যপ্রণালি বিধির ৬২ অনুযায়ী এই সনদ নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন।
বিজ্ঞাপন
তিনি দাবি করেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সংঘটিত জুলাই-আগস্টের আন্দোলনের ফল হিসেবেই এই সনদ অর্জিত হয়েছে। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সংস্কারের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
স্পিকার প্রস্তাবটির গুরুত্ব বিবেচনা করে কার্যপ্রণালি বিধির ৬৫(২) অনুযায়ী আলোচনার অনুমতি দিয়েছেন। অধিবেশনের শেষ পর্যায়ে এই বিষয়ে সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগেও গত ৩০ মার্চ একই বিষয় নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন, যা এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ফলে ‘জুলাই সনদ’ নিয়ে সংসদের ভেতরে ও বাইরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণও আজকের অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ দিক। সংসদীয় বিশেষ কমিটি ইতোমধ্যে ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন না করার সুপারিশ করেছে। এর মধ্যে গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, রাজস্ব নীতি এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ উল্লেখযোগ্য।
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের ভিন্ন অবস্থান এবং গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে সিদ্ধান্তের অনিশ্চয়তা—এই দুই ইস্যুকে কেন্দ্র করে আজকের সংসদ অধিবেশন বেশ উত্তপ্ত ও ঘটনাবহুল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








