প্রধানমন্ত্রীকে জিয়া-খালেদার স্মৃতিময় ছবি উপহার দিলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ। উভয় পক্ষই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে বিশেষ কিছু উপহার তুলে দেন, যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এর মধ্যে ছিল দুটি স্মৃতিময় ছবি এবং হোয়াইট হাউজের একটি প্রতিরূপ। একটি ছবিতে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার-কে একসঙ্গে দেখা যায়। অপর ছবিতে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ।
বিজ্ঞাপন
এই উপহারগুলো দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন।








