Logo

করোনা টিকা কিনতে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১২:১৪
করোনা টিকা কিনতে ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

করোনা মহামারিতে দেশের জনগণকে সুরক্ষা দিতে ভ্যাকসিন কেনায় ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রশ্নটি করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, করোনা মোকাবিলায় ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানি এবং ক্রয়ের জন্য ২০২০-২১ অর্থবছর থেকে মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ভ্যাকসিন কেনায় এখন পর্যন্ত ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি।

বিজ্ঞাপন

অন্যান্য ব্যয়ের হিসাব তুলে ধরে তিনি বলেন, টিকাদান কার্যক্রমের জন্য সিরিঞ্জ কিনতে ব্যয় হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া ভ্যাকসিন পরিবহনে খরচ হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকার বেশি এবং সিরিঞ্জ পরিবহন ও সংশ্লিষ্ট চার্জ বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।

ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ফলে করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সক্ষম হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD