Logo

‘হাওর-জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬' জাতীয় সংসদে পাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৪
‘হাওর-জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬' জাতীয় সংসদে পাস
ছবি: সংগৃহীত

জলাভূমি সুরক্ষা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা জোরদার করতে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

এর আগে ২০২০ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-এর করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জলাভূমি সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দ্রুত প্রণয়নের নির্দেশ দেয়। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই নতুন এ আইন প্রণয়ন করা হয়েছে।

আইনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর ও জলাভূমি এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ, সমন্বিত ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, সেচব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্যসম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণকে একটি কাঠামোর আওতায় আনা।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে ১৯৭৭ সালে ‘হাওর উন্নয়ন বোর্ড’ গঠন করা হয় এবং পরে ২০১৬ সালে পানি সম্পদ মন্ত্রণালয়ের গেজেটের মাধ্যমে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়। তবে সময়ের সঙ্গে অনিয়ন্ত্রিত উন্নয়ন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীপথে প্রতিবন্ধকতা, কীটনাশকের অপব্যবহার ও পর্যটনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর আইনি কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় এই আইন প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD