কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেক প্রেসিডেন্টের বৈঠক

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় সম্মেলনস্থলে দুই নেতার এই বৈঠক শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে তাঁদের মধ্যে আলোচনা চলে।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও আলোচনা করেন তাঁরা।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটন নগরী আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। সোমবার (৯ নভেম্বর) শুরু হওয়া ১১ দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৯০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, গবেষক এবং প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তুরস্কের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনটির সভাপতিত্ব করছেন দেশটির পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে, সম্মেলনের আলোচনাপর্ব পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ নভেম্বর)। এতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিচ্ছেন তিনি। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।
বিজ্ঞাপন
আগামী ২০ নভেম্বর শেষ হবে এবারের কপ-৩১ সম্মেলন।








