Logo

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ২০:৫৩
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই চেতনা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন পক্ষ নানা কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, সীমান্তের ওপার থেকে কখনো ধর্ম, কখনো হরতাল কিংবা অন্য কোনো পরিচয়ে কর্মসূচি দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য দেশে অস্থিরতা তৈরি করা। সম্মিলিত রাজনৈতিক অবস্থানের মাধ্যমে এ ধরনের তৎপরতা প্রতিহত করতে হবে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্ম, কখনো হরতাল, কখনও ভিন্ন নাম দেওয়া হচ্ছে—উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়ে ঐকমত্য থাকা দরকার। দেশের গণতান্ত্রিক যাত্রা সচল রাখা এবং ভবিষ্যতে কোনো পতিত শক্তি যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আশা করবো, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি—এ দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’

বিজ্ঞাপন

এরপর বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানান। তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালের আন্দোলনে গড়ে ওঠা ঐক্য দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই চেতনা ধরে রেখে ভবিষ্যতের বাংলাদেশ এগিয়ে নিতে হবে, যাতে মানুষকে আবার ফ্যাসিবাদী শাসনের দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়।

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের পথ বন্ধ করতে হবে। যারা এ ধরনের শক্তিকে উৎসাহিত করছে কিংবা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। তবে সংসদে আলোচনা ও রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি বাস্তব পদক্ষেপও দেখতে চান তিনি।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলবো, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর তাঁকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বক্তব্যে কিছু অম্লমধুর মন্তব্য থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে বিরোধীদলীয় নেতা যে অবস্থান নিয়েছেন, তা প্রশংসনীয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুই-একটা অম্লমধুর কথা বললেও তিনি জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

সংসদে বিতর্ক ও মতপার্থক্যকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা সংসদের ভেতরেই থাকা উচিত এবং তা সংসদীয় রীতি মেনে পরিচালিত হওয়া প্রয়োজন।

বিরোধীদলীয় নেতার উদ্দেশে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাঁর কিছু মন্তব্য ইঙ্গিতপূর্ণ ছিল, তবে বিরোধীদলীয় নেতার বক্তব্যেও পাল্টা ইঙ্গিত ছিল। এ নিয়ে বিতর্কে না গিয়ে তিনি নিজের জেলা কক্সবাজারের প্রসঙ্গ তোলেন। মাদক সমস্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আগমনের পর থেকে সৃষ্ট সংকট মোকাবিলা করতে হচ্ছে সরকারকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ও মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সম্প্রতি একজন সেনাসদস্য শহীদ হয়েছেন। একই ঘটনায় জিম্মি অবস্থা থেকে ৫৬ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD