Logo

৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ২১:০৪
৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের মেধা বিকাশে নতুন উদ্যোগ হিসেবে জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আবারও নতুন আঙ্গিকে চালু হচ্ছে। আগামী ৩০ এপ্রিল এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

জাহেদ উর রহমান বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছে। ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমিও সভায় ছিলাম। খুব দ্রুত এটা আপনারা অফিশিয়ালি (আনুষ্ঠানিকভাবে) জানবেন। সারা দেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য বই পড়ার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এটা আমি আগাম জানিয়ে দিলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার খেলাধুলার ক্ষেত্রেও এটার আওতা বাড়ানো হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। আরও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্যালেন্ট হান্টিং (মেধা অন্বেষণ) হবে। সেটা নিয়ে আজকে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকে আমরা ছিলাম।

উপদেষ্টা আরও বলেন, আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যা তার জন্য ভালো, এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD