Logo

৪৭তম বিসিএসে শূন্যপদের চেয়েও কম প্রার্থী মৌখিক পরীক্ষায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ২১:৪৯
৪৭তম বিসিএসে শূন্যপদের চেয়েও কম প্রার্থী মৌখিক পরীক্ষায়
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। অথচ এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৬৮ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে দেখা যাচ্ছে, নির্ধারিত পদের তুলনায় ৩৭ জন কম প্রার্থী নিয়ে এবার মৌখিক পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে পিএসসি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) ফলাফল প্রকাশের পর বিশ্লেষণে এই চিত্র সামনে আসে। সাধারণত বিসিএস পরীক্ষায় লিখিত ধাপ পেরিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা পদের তুলনায় বেশি থাকে। তবে এবারের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন চিত্র, যা প্রার্থীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে।

গত বছরের ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। এতে অংশ নেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে প্রকাশ করে দ্রুততার একটি নজির স্থাপন করেছিল পিএসসি। ২৮ সেপ্টেম্বর সেই ফল প্রকাশিত হয়, যা প্রার্থীদের মধ্যে প্রশংসিত হয়েছিল।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২৪ সালের নভেম্বরে। এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্য থেকে ধাপে ধাপে বাছাই শেষে এখন মৌখিক পরীক্ষার দ্বারপ্রান্তে পৌঁছেছে এই বিসিএস প্রক্রিয়া।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD