Logo

সংসদে তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেওয়ার দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ২০:০০
সংসদে তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দেওয়ার দাবি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আলোচনার সময় বিএনপিদলীয় এক সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার প্রয়াত সহোদর আরাফাত রহমান-কে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব তোলেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এ দাবি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বক্তব্যে মুজিবুর রহমান বলেন, দীর্ঘ সময় পর গাজীপুর-১ আসনটি জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি ভাওয়াল মাঠে জনসভায় অংশ নেবেন। এখন এলাকাবাসী সেই আগমনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি তারেক রহমানকে ‘নির্যাতিত-নিপীড়িত এক আন্দোলনের প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে গাজীপুরের মানুষ অনুপ্রাণিত হয়েছে।

আলোচনার একপর্যায়ে আবেগঘন বক্তব্যে মুজিবুর রহমান ১৯৭১ সালের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন এবং তারেক রহমানও দীর্ঘ সময় বন্দি অবস্থায় কাটিয়েছেন। এসব বিবেচনায় সুযোগ পেলে খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা এবং তারেক রহমান ও তার ভাইকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

তবে এই প্রস্তাব ব্যক্তিগত সুবিধা বা কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয় বলেও স্পষ্ট করেন সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদের এ আলোচনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD