Logo

আর বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা পাচ্ছে না ‘জাতির পিতার পরিবার’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ২০:০৭
আর বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা পাচ্ছে না ‘জাতির পিতার পরিবার’
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে পাস হওয়া এক নতুন আইনের মাধ্যমে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯’ বাতিল করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জন্য পূর্বে নির্ধারিত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা আর কার্যকর থাকছে না।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে কণ্ঠভোটের মাধ্যমে রহিতকরণ বিলটি পাস হয়। বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যা আগে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা একটি অধ্যাদেশের ভিত্তিতে প্রণীত।

বিলের সঙ্গে যুক্ত ব্যাখ্যায় উল্লেখ করা হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর গেজেট আকারে ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন’ জারি করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ মে প্রজ্ঞাপন জারি করে ওই আইনের আওতায় নির্দিষ্ট পরিবারের সদস্যদের জন্য বিশেষ নিরাপত্তা ও নানা রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

তবে নতুন বিলের যুক্তিতে বলা হয়েছে, একটি নির্দিষ্ট পরিবারের জন্য আলাদা করে রাষ্ট্রীয় সুবিধা নির্ধারণ করায় বৈষম্যের সৃষ্টি হয়েছিল। সেই বৈষম্য দূর করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আইনটি বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘রহিতকরণ অধ্যাদেশ’ জারি করা হয়, যা এখন সংসদের মাধ্যমে স্থায়ী আইনে রূপ পেল।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত এই আইনের মাধ্যমে শেখ মুজিবুর রহমান-এর জীবিত দুই কন্যা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা, রাষ্ট্রীয় বাসভবনসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়েছিল।

বিজ্ঞাপন

নতুন আইন পাসের ফলে সেই সব বিশেষ সুবিধা ও আইনি বাধ্যবাধকতা বাতিল হয়ে গেল। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি দীর্ঘদিন ধরে কার্যকর একটি বিশেষ আইন ব্যবস্থার অবসান ঘটাল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD