ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষোভ জানাল পুলিশ অ্যাসোসিয়েশন

ঢাকায় একটি ঘটনাকে ঘিরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের করা মন্তব্যে অসন্তোষ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং নিয়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সংগঠনটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে বলা হয়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ‘পুলিশের ওপর জনগণের আস্থা নেই’—এ ধরনের মন্তব্য কেবল একজন সদস্য নয়, পুরো পুলিশ বাহিনীর পেশাগত সম্মান ও আত্মমর্যাদায় আঘাত হেনেছে। এর ফলে মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের মনোবলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা এবং হঠাৎ উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় অনেক সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের স্বার্থে রাস্তায় গাড়ি রেখে কাজ করতে হয়। এই বাস্তবতাকে বিবেচনায় না নিয়ে পুরো বাহিনী সম্পর্কে প্রকাশ্যে এমন মন্তব্য করা দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয় বলে মনে করছে সংগঠনটি।
বিজ্ঞাপন
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আরও জানায়, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা একে অপরের সহায়ক হিসেবে কাজ করে। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অনিয়ম বা অভিযোগ থাকলে তা যথাযথ প্রাতিষ্ঠানিক বা আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত, প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করলে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি বাড়তে পারে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের পর থেকে পুলিশ বাহিনী নিজেদের পুনর্গঠনের মাধ্যমে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এমন সময়ে বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয়—এ ধরনের বক্তব্য জননিরাপত্তা রক্ষার চলমান কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।








