নতুন রাষ্ট্রীয় প্রটোকল জারি, দেশ-বিদেশ সফরে মানতে হবে যেসব নির্দেশনা

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দেশীয় ও আন্তর্জাতিক সফরকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সুনির্দিষ্ট করতে নতুন রাষ্ট্রীয় প্রটোকল নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৬ এপ্রিল এই নির্দেশনা জারি করে, যা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ সফরে যাওয়া এবং দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব কিংবা যুগ্মসচিবকে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। একইভাবে দেশের ভেতরে সফরের ক্ষেত্রে ঢাকায় যাত্রা ও প্রত্যাবর্তনের সময় সংশ্লিষ্ট দপ্তরের একান্ত সচিব উপস্থিত থাকবেন।
জেলা পর্যায়ে সফরের সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা আগমন ও বিদায়ের সময় অভ্যর্থনা ও বিদায় জানাবেন। তবে তাদের নিজস্ব সরকারি কর্মসূচি থাকলে তা পরিবর্তনের প্রয়োজন নেই। সেক্ষেত্রে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বিশেষ আগ্রহ থাকলে জেলা প্রশাসক বা পুলিশ সুপার তাদের কর্মসূচি সমন্বয় করতে পারবেন।
বিজ্ঞাপন
উপজেলা পর্যায়ের সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকাসহ বড় শহরের বিমানবন্দর বা রেলস্টেশনে আগমন বা প্রস্থানের সময় প্রয়োজন না হলে জেলা প্রশাসকের উপস্থিতি আবশ্যক নয়। একই নিয়ম প্রযোজ্য হবে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও।
যদি কোনো সফরে ট্রানজিট হিসেবে অন্য জেলার বিমানবন্দর বা রেলস্টেশন ব্যবহার করা হয়, তবে সেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। বিভাগীয় কমিশনার সদর দপ্তরে থাকলে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন।
বিজ্ঞাপন
নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে সফরসূচি পাওয়ার পর সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। রেলপথে সফরের সময় রেলওয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট স্টেশনগুলোকে আগাম অবহিত করবেন। ট্রেনে ওঠা-নামা বা ট্রেন পরিবর্তনের স্থানগুলোতে পুলিশের কর্মকর্তা উপস্থিত থাকবেন।
সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সফরসূচি যথাসময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানাতে হবে। সরকারি সফরের ক্ষেত্রে যানবাহন ও আবাসনের ব্যবস্থা সরকারিভাবে করা হবে, তবে ব্যক্তিগত সফরের ক্ষেত্রে এসব সেবার জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী মূল্য পরিশোধ করতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া সার্কিট হাউজ বা সরকারি রেস্ট হাউজের বাইরে অবস্থান করলেও প্রটোকলের নিয়মাবলি বহাল থাকবে এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, পূর্বে ২০২৪ সালের ২৭ আগস্ট জারি করা নির্দেশনার পরিবর্তে নতুন এই নির্দেশনাই এখন থেকে কার্যকর হবে।








