শুক্রবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই সাময়িকভাবে ভোগান্তির মুখে পড়তে পারেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, নির্ধারিত উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন: গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ হবে আজ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজি মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া এবং দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা।
বিজ্ঞাপন
এছাড়া নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জসহ আশপাশের আরও বিভিন্ন এলাকায় একই সময়ের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার এই সময়ে সংশ্লিষ্ট এলাকাবাসীকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন








