Logo

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৮:১৬
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে নারী শিক্ষার পরিধি আরও বিস্তৃত করতে মেয়েদের স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কেবল বিনামূল্যে শিক্ষা নয়, ভালো ফলাফল করা ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও চালু করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, নারী শিক্ষার উন্নয়নে অতীতে খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকার এটিকে আরও এক ধাপ এগিয়ে নিতে চায়।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উলশী খালের পুনঃখনন কাজ শুরু করা হলো। এর আগে দিনাজপুরে একই ধরনের কর্মসূচির সূচনা করা হয়েছিল বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। খাল খনন কর্মসূচির পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কাজও শুরু হয়েছে, যা দেশের মা-বোনদের আর্থিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় সংসদ সদস্যরা।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ‘জিয়া খাল’ নামে পরিচিত এই খালটি প্রায় পাঁচ দশক পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পুনঃখনন করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD