Logo

গ্রাহকদের জন্য বড় সুখবর, কমল ইন্টারনেটের দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ১৮:০০
গ্রাহকদের জন্য বড় সুখবর, কমল ইন্টারনেটের দাম
ছবি: সংগৃহীত

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সাশ্রয়ী করতে নতুন মূল্য কাঠামো অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতির আলোকে নির্ধারিত এই ট্যারিফের ফলে গ্রাহকরা তুলনামূলক কম খরচে বেশি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য তালিকার অনুমোদনের কথা জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) স্যাম অনলাইন এখন থেকে সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ দিতে পারবে। এছাড়া ১০০ এমবিপিএস গতির জন্য সর্বোচ্চ মাসিক বিল নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস গতির উচ্চগতির প্যাকেজের জন্য সর্বোচ্চ ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিটিআরসি জানায়, ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয় করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে, যাতে সারাদেশে একই ধরনের মূল্য কাঠামো বজায় থাকে। পাশাপাশি গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিত করার শর্তে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ চালুর অনুমতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সংযোগগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও নির্ধারণ করা হয়েছে ১:৮, যা নেটওয়ার্কের গুণগত মান বজায় রাখতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, গ্রাহকদের উন্নত ইন্টারনেট ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সারাদেশে ইন্টারনেট সেবার সুষম বণ্টন নিশ্চিত করতেই এই সমন্বিত মূল্য কাঠামো কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্ত দেশের ডিজিটাল সেবা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট আরও সহজলভ্য হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD