ভারতের হাইকমিশনার হয়ে ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছে ভারত সরকার। তিনি বর্তমানে দায়িত্বে থাকা প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।
এই নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো সক্রিয় রাজনীতিবিদকে ঢাকায় ভারতের কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে পাঠানো হচ্ছে। বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করছেন। তাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং’র মন্ত্রিসভায় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ায় দলীয় বিরোধিতার মুখে পড়ে তাকে পদত্যাগ করতে হয়।
বিজ্ঞাপন
এছাড়া তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেরই সদস্য ছিলেন; পশ্চিমবঙ্গ থেকে লোকসভার এবং গুজরাট থেকে রাজ্যসভার প্রতিনিধিত্ব করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে পরবর্তী মাসেই তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। তার এই নতুন কূটনৈতিক দায়িত্ব গ্রহণকে ভারতের পররাষ্ট্রনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








