Logo

সেনাবাহিনী ব্যারাকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৪:৪৫
সেনাবাহিনী ব্যারাকে ফেরানোর বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে আইন অনুযায়ী সরকারের প্রয়োজন মেনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে। তবে এই মোতায়েন স্থায়ী নয়, পর্যায়ক্রমে তা প্রত্যাহার করা হবে।

বিজ্ঞাপন

দেশে জঙ্গিবাদ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বর্তমানে দেশে জঙ্গি তৎপরতার কোনো অস্তিত্ব নেই। অতীতে একটি ফ্যাসিস্ট সরকার জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশ সদর দফতরের কোনো চিঠি সম্পর্কে তিনি অবগত নন বলেও জানান। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা বিশেষ সময়ে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক গত এক বছরে নদীপথে বাহিনীর বিভিন্ন সাফল্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দায়িত্ব পালনকালে বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে গত এক বছরে বাহিনীর ১৬ সদস্য প্রাণ হারিয়েছেন। পাশাপাশি কোস্টগার্ডে জনবলের ঘাটতির বিষয়টিও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানের এক পর্যায়ে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কোস্টগার্ডের ১৪ সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। এর মধ্যে চারজনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, চারজনকে কোস্টগার্ড (সেবা) পদক, তিনজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক এবং তিনজনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD