Logo

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৪:০৬
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নেই
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সংসদ নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির অভিযোগ তাদের কাছে আসেনি। একইসঙ্গে দেশের নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মোট ১৯টি সুপারিশ তুলে ধরা হয়েছে, যার মধ্যে ছয়টিকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার মানোন্নয়নে এসব সুপারিশ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে, ভবিষ্যতে তার প্রতিফলন আরও সুস্পষ্টভাবে দেখা যাবে বলে আশা করছে ইইউ।

গত বছরের শেষ দিকে বাংলাদেশে এসে কাজ শুরু করে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ দল। নির্বাচনের দিন, ১২ ফেব্রুয়ারি, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

এর আগে, ১৪ ফেব্রুয়ারি নির্বাচন-পরবর্তী প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল মিশনটি। চূড়ান্ত প্রতিবেদনে সেই পর্যবেক্ষণের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এবং ভবিষ্যতের জন্য দিকনির্দেশনামূলক সুপারিশ সংযোজন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD