Logo

নিরাপত্তা ঘেরাটোপ ভেঙে বিমানবন্দরের রানওয়েতে যুবক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১৯:০৩
নিরাপত্তা ঘেরাটোপ ভেঙে বিমানবন্দরের রানওয়েতে যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এক যুবক রানওয়ের কাছাকাছি প্রবেশ করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুমোদনহীনভাবে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। আটক যুবকের নাম ফেরদৌস (২২)।

জানা গেছে, তিনি অভ্যন্তরীণ টার্মিনাল ব্যবহার করে ধাপে ধাপে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে অ্যাপ্রোন এলাকার দিকে চলে যান, যা সাধারণ যাত্রীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞাপন

বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরদৌসের বাড়ি মেহেরপুর জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তার এক আত্মীয়কে রিসিভ করতে বিমানবন্দরে এসেছিলেন। ফ্লাইট বিলম্ব হওয়ায় কৌতূহলবশত বিমান কাছ থেকে দেখার উদ্দেশ্যে তিনি সামনে এগিয়ে যান এবং কোনো এক পর্যায়ে রানওয়ের নিকটবর্তী এলাকায় পৌঁছে যান।

ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে এবং পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, এর একদিন আগেই দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর। এর প্রেক্ষিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বাড়তি নজরদারি, চেকপোস্ট বৃদ্ধি এবং সংবেদনশীল এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিমানবন্দরগুলোতে পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। বিশেষ করে প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।

নিরাপত্তা জোরদারের পরদিনই এমন ঘটনা ঘটায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—কঠোর ব্যবস্থার মাঝেও কীভাবে একজন ব্যক্তি এতদূর প্রবেশ করতে পারলেন। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD