ভারতীয় ভিসা নিয়ে সংসদে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ভিসা আবেদন ও অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বাভাবিক করতে ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক ভারত সফরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রদান প্রক্রিয়াকে আরও কার্যকর, সহজ ও স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগের ফল খুব শিগগিরই দৃশ্যমান হবে। বাংলাদেশি নাগরিকরা ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সুফল পেতে শুরু করবেন।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধন, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের নিবিড় যোগাযোগের মাধ্যমে আরও গভীর হয়েছে।
বিজ্ঞাপন
খলিলুর রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে। সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, আস্থা এবং উভয় দেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই এই সম্পর্ক আরও সুদৃঢ় করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ হলে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পর্যটনের জন্য ভারতে যাতায়াতকারী বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে ভিসা জটিলতায় ভোগা আবেদনকারীদের জন্য এটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।








