Logo

সোলার বিদ্যুতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৭:৪২
সোলার বিদ্যুতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির দিকে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সোলার শক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা শিল্পখাতের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং ও গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ আয়োজন করে বিকেএমইএ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান শিল্পখাতে বিদ্যমান জ্বালানি সংকট একটি বড় চ্যালেঞ্জ। গার্মেন্টস খাতে যেখানে প্রায় ৪ হাজার ৩০০ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন, সেখানে দেশীয় উৎস থেকে সরবরাহ হচ্ছে প্রায় ১ হাজার ৭০০ এমএমসিএফ এবং এলএনজি থেকে আসছে প্রায় ৯০০ এমএমসিএফ। এই ঘাটতি সহজে পূরণ করা সম্ভব হচ্ছে না, কারণ দেশে বর্তমানে মাত্র দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে। এ সংখ্যা বাড়াতে জ্বালানি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিল্প উদ্যোক্তাদের জন্য বিদ্যমান উচ্চ সুদের হার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নতুন বিনিয়োগ সহজ হয়। পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে বর্তমানে যে ২৫-২৬টি লাইসেন্স ও অনুমোদনের প্রয়োজন হয়, তা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আবেদন করলেই যেন দ্রুত প্রভিশনাল লাইসেন্স পাওয়া যায়, সে ধরনের একটি সহজীকৃত ব্যবস্থা চালুর কথাও জানান মন্ত্রী।

বাণিজ্য খাতে আরেকটি বড় জটিলতা হিসেবে ‘বন্ড’ সুবিধার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যদিও এটি তার মন্ত্রণালয়ের আওতাধীন নয়, তবুও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রক্রিয়া সহজ করতে কাজ করছে।

বিজ্ঞাপন

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে শিল্পকারখানাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে সরকার একটি বিশেষ স্কিম ঘোষণা করতে যাচ্ছে, যার আওতায় সোলার বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিবিশনের কনভেনার ফজলে শামিম এহসান, ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্পেনসার লিন এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেমসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD