Logo

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ৮৭টি এফডিআর জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৭:৫০
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ৮৭টি এফডিআর জব্দ
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে থাকা বিপুল অঙ্কের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তার ৮৭টি এফডিআর হিসাবসহ বিভিন্ন ব্যাংক হিসাব ও ওয়েজ আর্নারস বন্ড ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশ অনুযায়ী, খন্দকার মোশাররফ হোসেনের ৮৭টি এফডিআর হিসাবে জমা থাকা ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা জব্দ করা হয়েছে। পাশাপাশি পাঁচটি পৃথক ব্যাংক হিসাবে থাকা ৬৬ হাজার ৩৭৬ টাকা ও ১৬ হাজার ৪১৯ মার্কিন ডলার এবং ১৩টি ওয়েজ আর্নারস বন্ডে থাকা এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকাও ফ্রিজের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের পক্ষ থেকে মামলার তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আদালতে এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত সাবেক মন্ত্রী ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

তদন্তে উঠে এসেছে, প্রায় ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকার সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করে নিজের দখলে রেখেছেন। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা দুদকের তদন্তে অস্বাভাবিক হিসেবে চিহ্নিত হয়েছে।

বিজ্ঞাপন

মামলার নথিতে আরও বলা হয়, প্রায় ৭ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকার স্থাবর সম্পদ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থের উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিজের নাম ও ছদ্মনামে পরিচালিত একাধিক ব্যাংক হিসাবে এসব লেনদেন সম্পন্ন করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ২ জুন সংশ্লিষ্ট মামলাটি দায়ের করা হয়। তদন্ত চলমান থাকায় সম্পদ সরিয়ে ফেলার আশঙ্কা থেকে জরুরি ভিত্তিতে এসব ব্যাংক হিসাব ও বিনিয়োগ জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরে দুদক আদালতের কাছে আবেদন জানায়, যার পরিপ্রেক্ষিতেই আদালত এ আদেশ প্রদান করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD