শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় সাবেক বিমানের এমডির জামিন

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় শফিকুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জানান, শফিকুর রহমান দীর্ঘদিন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন এবং গত ২ ফেব্রুয়ারি থেকে টানা ৭১ দিন কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় মানবিক দিক বিবেচনায় জামিন চাওয়া হয়।
বিজ্ঞাপন
মামলার অভিযোগ অনুযায়ী, এক হোটেলকর্মীর ১১ বছর বয়সী মেয়েকে গৃহকর্মী হিসেবে গত বছরের জুনে শফিকুর রহমানের বাসায় কাজে দেওয়া হয়। পরবর্তীতে গত ২ নভেম্বর শিশুটিকে শেষবার সুস্থ অবস্থায় দেখা যায়। এরপর দীর্ঘ সময় তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
চলতি বছরের ৩১ জানুয়ারি অসুস্থতার কথা জানিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যেতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান। অভিযোগ রয়েছে, তাকে মারধর করা হয়েছে এবং গরম খুন্তি দিয়ে দগ্ধ করা হয়েছে। এরপর তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। ২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা থেকে শফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।








