Logo

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৩
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার–সংক্রান্ত রায়ে জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

বিজ্ঞাপন

পরে মোতাহার হোসেন সাজু জানান, আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না খায়রুল হক।

এর আগে গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ চার মামলায় তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুদকের মামলাতেও জামিন পান। এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। এর মধ্যে নিম্ন আদালতে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

গত বছরের ২৪ জুলাই ঢাকার ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় আসামি করা হয়।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার–সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়। একই অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে।

নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি হয় এবং পরবর্তীতে জামিন মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। পরবর্তীতে তিন দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD