Logo

নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্টে ছড়িয়ে পড়েছে উত্তেজনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৮:২১
নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্টে ছড়িয়ে পড়েছে উত্তেজনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পূর্বঘোষিত সংবাদ সম্মেলন ঘিরে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরে বিক্ষোভে রূপ নেয়।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাইকোর্টের এনেক্স ভবনের নিচে এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামীপন্থি আইনজীবীরা সেখানে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করেছিলেন। তবে নির্ধারিত সময়ের আগেই বিএনপিপন্থি আইনজীবীরা ওই স্থান দখল করে বিক্ষোভ শুরু করেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের মনোনয়ন বাতিল হওয়াকে কেন্দ্র করে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলন আয়োজনের কথা থাকলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত তা আর অনুষ্ঠিত হয়নি।

বিক্ষোভস্থলে উপস্থিত বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের পক্ষে আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এ কারণে তাদের অংশগ্রহণের প্রশ্নই ওঠে না বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আওয়ামীপন্থি আইনজীবীরা তাদের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত রাখেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে, বার নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সুপ্রিম কোর্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD