বড়পুকুরিয়া কয়লাখনি মামলায় অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মামলার কার্যক্রম বাতিল চেয়ে এর আগে হাইকোর্টে আবেদন করেছিলেন মোয়াজ্জেম হোসেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে চলমান কার্যক্রম বাতিল করে দেন।
এর আগে, ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম এবং মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিলেন।
বিজ্ঞাপন
তবে একই মামলায় বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আগেই অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মৃত্যুবরণ করায় আরও কয়েকজন আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ২০০৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।








