এনআইডি আবেদনের নিয়মে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে কেউ নতুন ভোটার হিসেবে নিবন্ধন করতে গেলে বা এনআইডির জন্য আবেদন করলে, যদি তিনি মাধ্যমিক (এসএসসি) পাস হয়ে থাকেন, তবে তার এসএসসি সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। আবেদনকারীর তথ্য যাচাইয়ের নির্ভুলতা বাড়ানো এবং ভবিষ্যতে সংশোধন সংক্রান্ত জটিলতা কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফিলিং স্টেশনগুলোতে তেল আছে, ক্রেতা নেই
ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভোটার নিবন্ধনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ডাটাবেজে সংযুক্ত করতে হয়। এর মধ্যে নিবন্ধন ফরম, জন্ম সনদ এবং প্রুফ কপির পাশাপাশি এসএসসি সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল। বিশেষ করে জন্ম তারিখসহ অন্যান্য তথ্য সংশোধনের ক্ষেত্রে এই সনদের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি।
বিজ্ঞাপন
কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে, আবেদনকারী মাধ্যমিক পাস হলেও সংশ্লিষ্ট অফিসগুলো সেই সনদ ডাটাবেজে যুক্ত করছে না। ফলে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের সময় তথ্য যাচাই জটিল হয়ে পড়ে। এমনকি অনেক আবেদনকারী পরবর্তীতে তাদের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করেন, যা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আবেদনকারীর মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি করে।
এই সমস্যাগুলো এড়াতে নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক বা তার বেশি শিক্ষিত হন, তাহলে এসএসসি সনদের পাশাপাশি তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদও সংগ্রহ করতে হবে। এসব সনদের মূল কপি বা ফটোকপি নিবন্ধন ফরম ও জন্ম সনদের সঙ্গে সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
নির্দেশনায় আরও বলা হয়েছে, এ প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিয়মিত পরিদর্শনের পাশাপাশি দৈবচয়ন পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তিদের নথি যাচাই করবেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে এনআইডি ডাটাবেজে তথ্যের সঠিকতা বাড়বে এবং জালিয়াতি প্রতিরোধ করা সহজ হবে। একই সঙ্গে ভবিষ্যতে পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়াও আরও দ্রুত ও স্বচ্ছ হবে।








