Logo

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মে, ২০২৬, ১৩:২৬
রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের উদ্যোগে প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হয়। তিনি ১৯৭৬ সালে জনশক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন, যা পরবর্তীতে দেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহের ভিত্তি গড়ে তোলে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শ্রম আইন ২০০৬ প্রণয়ন এবং শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রকে আরও শক্তিশালী করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শিল্প, কৃষি, পরিবহন, নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্প শ্রমিকদের আয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে।

বিজ্ঞাপন

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া সরকারি চিনিকল, পাট ও শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে।

মালিক-শ্রমিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকলে উৎপাদনশীলতা বাড়বে এবং টেকসই শিল্পায়ন সম্ভব হবে। শ্রমিক-মালিক উভয়ের অধিকার নিশ্চিত করতে ট্রেড ইউনিয়ন কার্যক্রমকেও উৎসাহ দেওয়া হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD