জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের অধিকাংশই শ্রমিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, শ্রমিকদের কর্মসংস্থান পুনরুদ্ধার এবং বন্ধ সরকারি কলকারখানা চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করতে কাজ করছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিক পরিবারকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, হাওড়াঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হবে। শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নেওয়া এসব উদ্যোগ একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
এ সময় বক্তব্য দেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।








