৩ মে হাওর অঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামী ৩ মে থেকেই নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহ শুরু হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত বোরো ধান ও চাল সংরক্ষণ এবং ন্যায্য দামে বিক্রির সুযোগ নিশ্চিত করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের অন্যান্য অঞ্চলে আগের নির্ধারিত সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। চলতি বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
সরকারি এই সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্টরা মনে করছেন, আগাম সংগ্রহ শুরু হওয়ায় হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাবেন এবং আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা সহায়তা পাবেন।








