Logo

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে ৮০ শতাংশ হবে নারী: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২ মে, ২০২৬, ১৫:১৯
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে ৮০ শতাংশ হবে নারী: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন। এই কর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষকে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে অবহিত করবেন।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) দুপুরে সিলেট নগরের সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শহরাঞ্চলে কিছুটা স্বাস্থ্যসেবা বিস্তৃত হলেও গ্রামাঞ্চলে এখনো তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তাই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, মানুষকে আগে থেকেই স্বাস্থ্য বিষয়ে সচেতন করা গেলে রোগের ঝুঁকি কমবে এবং চিকিৎসাসেবাও আরও কার্যকর হবে।

তিনি জানান, পরিকল্পিত এই স্বাস্থ্যকর্মীরা গ্রাম ও শহর উভয় জায়গায় কাজ করবেন। তারা মানুষের বাসায় গিয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হৃদরোগ ও কিডনি রোগ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি করবেন। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে অসুস্থ মানুষের সংখ্যা কমে এলে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপও কমবে, ফলে স্বাস্থ্যখাতে সেবার মান উন্নত করা সহজ হবে।

বিজ্ঞাপন

এ সময় তিনি দেশের অর্থনীতি ও কর্মসংস্থান প্রসঙ্গেও কথা বলেন। বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে এসব প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে চালু করা হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার প্রচেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও তুলে ধরেন, যাতে দক্ষ জনশক্তি তৈরি করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়।

বিজ্ঞাপন

এর আগে সকালে প্রধানমন্ত্রী রাজধানীর গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD